Home জাতীয় ঢাকায় বসছে তিন দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো

ঢাকায় বসছে তিন দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো

Share

রাজধানী ঢাকায় বসছে ফার্মাসিউটিক্যাল খাতের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন এশিয়া ফার্মা এক্সপো ২০২৬। আগামী ২৯ মার্চ (রোববার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। একইসঙ্গে আয়োজন করা হচ্ছে এশিয়া ল্যাব এক্সপো ২০২৬।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) আয়োজনে ২৩ বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এ প্রদর্শনী দেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল খাতে উদ্ভাবন, সহযোগিতা ও শিল্প উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের আসরে ২০টির বেশি দেশের ৪০০-এর অধিক প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং ও প্যাকেজিং প্রযুক্তি, এপিআই ও এক্সিপিয়েন্টস, অ্যানালিটিক্যাল ও ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্লিনরুম ও এইচভিএসি সিস্টেম, পানি ব্যবস্থাপনা এবং টার্নকি প্রজেক্ট সেবাসহ নানা আধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে।

২৯ মার্চ সকাল ১০টায় উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে এ আয়োজনের। এতে শিল্পখাতের নেতৃবৃন্দ, ফার্মাসিউটিক্যাল খাতের শীর্ষ প্রতিনিধিরা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অতিথিরা অংশ নেবেন। উদ্বোধনের পর তিন দিন বাণিজ্যিক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

আয়োজকেরা বলছেন, এটি হবে সোর্সিং, নেটওয়ার্কিং, প্রযুক্তি মূল্যায়ন ও ব্যবসা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ২০২৫ সালের আসরে প্রায় ১৪ হাজার ৫০০ বাণিজ্যিক দর্শনার্থীর অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।

দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বি-টু-বি প্ল্যাটফর্ম হিসেবে এশিয়া ফার্মা এক্সপো বৈশ্বিক সরবরাহকারী, উৎপাদক, বিনিয়োগকারী ও প্রকল্প উন্নয়নকারীদের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করে আসছে। ২০০৩ সাল থেকে এটি ফার্মাসিউটিক্যাল উৎপাদন সরবরাহ চেইনের পূর্ণাঙ্গ কাভারেজসহ অঞ্চলের একটি বিশেষায়িত আয়োজন হিসেবে পরিচিত।

এদিকে দেশের ফার্মাসিউটিক্যাল খাতও দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের মোট ওষুধ চাহিদার প্রায় ৯৮ শতাংশ দেশীয়ভাবে পূরণ করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও কানাডাসহ ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ খাতের বাজারমূল্য ইতিমধ্যে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং ২০২৬ সালের মধ্যে তা ৬ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। বার্ষিক প্রবৃদ্ধি ধরা হচ্ছে ১৫ থেকে ১৮ শতাংশ। এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ বিভিন্ন সরকারি উদ্যোগ স্থানীয় কাঁচামাল উৎপাদন বাড়াতে কাজ করছে, যা আমদানিনির্ভরতা কমাতে সহায়ক হবে।

সব মিলিয়ে, এশিয়া ফার্মা এক্সপো ২০২৬ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতকে আরও বৈশ্বিক পরিসরে এগিয়ে নেওয়ার এক বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...