কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’-এর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম অঞ্চলের ৩৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪২ জন নির্বাচিত শিক্ষার্থী ১১৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্য থেকে সেরা ৯টি উদ্ভাবন আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়।
কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্প আয়োজন করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব শোয়াইব আহমাদ খান
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক (উপসচিব) জনাব কাজী ফারুক আহমদ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব রেজওয়ানুল হক।
‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য রালি, কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক একটি সেমিনার এবং দিনশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পকারখানা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩টি উদ্ভাবনকে পুরস্কৃত করা হয়। প্রকল্প ৩টি হলো:
1) Firefighting Robot with IoT Monitoring System, Chattogram Polytechnic Institute
2) Smart City with Disaster Management System, Chattogram Polytechnic Institute
3) Robotic AI Assistant, Brahmanbaria Government Technical School and College
এর আগে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০,০০০ শিক্ষার্থী ৩,২০৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এ পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৩টি করে প্রকল্প আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। প্রতিযোগিতাটির জাতীয় ও চূড়ান্ত পর্ব আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সারাদেশের ৮টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত মোট ৫০টি উদ্ভাবনী প্রকল্প এতে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।