Home আন্তর্জাতিক পাকিস্তানে ৫ সেনাকে হত্যা করে পণ্য লুট

পাকিস্তানে ৫ সেনাকে হত্যা করে পণ্য লুট

Share

পাকিস্তানে পণ্যবাহী ট্রাকে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনীর সদস্য। পরে বন্দুকধারীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার দুপুরে পারাচিনারের উদ্দেশ্যে রওনা হয় পণ্যবাহী ট্রাকের বহর। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার পাহারায় থাকা বহরটি থাল-পারাচিনার সড়ক দিয়ে এগিয়ে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে লোয়ার কুররামের মান্দোরির কাছে ওচাত কালায়ে পৌঁছলে হামলাকারীরা গুলি চালায়।

সূত্র আরও জানায়, বহরটি পাহারা দেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালান। এ সময় দুটি সেনাবাহিনীর গানশিপ হেলিকপ্টার আক্রমণস্থলের আশপাশের এলাকায় গোলাবর্ষণ করে। কিন্তু তাতেও বন্দুকধারীদের প্রতিহত করা যায়নি।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থেমে গুলিবর্ষণ চলতে থাকে। এই হামলায় একজন সেনা জওয়ান নিহত হন। এ ছাড়া একজন পুলিশ সদস্য, দুই ট্রাকচালক এবং চার বেসামরিক নাগরিকসহ সাতজন আহত হন।

পরে সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে দ্বিতীয় হামলাটি ঘটে। নিরাপত্তা বাহিনী আটকে পড়া ট্রাকের পণ্য লুট করার সময় জঙ্গিদের থামানোর চেষ্টা করে। এ সময় বন্দুকধারীরা গুলি চালায়।

ওই এলাকায় হামলাকারীরা সেনাবাহিনীর একজন অফিসারের গাড়িতে গুলি চালায়। যার ফলে পাঁচজন আহত হন। তবে, একজন অফিসার এ হামলায় অক্ষত থাকেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আহত সৈন্যদের উদ্ধার করতে আসা এফসির কুইক রেসপন্স ফোর্সের একটি কনভয় ওচাত কালায় সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে অতর্কিত হামলার শিকার হয়।

এই সংঘর্ষে চারজন সেনা নিহত হন এবং ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ অভিযানে কতজন বন্দুকধারী নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...