কলম্বিয়ান পপতারকা শাকিরা-কে ভুলভাবে কর জরিমানা করায় স্পেনের কর কর্তৃপক্ষকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৮৭ কোটি টাকা) ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রিদের একটি আদালত।
স্পেনের উচ্চ আদালত অডিয়েন্সিয়া নাসিওনাল সোমবার এক রায়ে জানায়, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিনের বেশি অবস্থান করেছিলেন বলে কর বিভাগ দাবি করেছিল। সেই ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যক্তিগত আয়কর ফাঁকির অভিযোগ এনে ২০২১ সালে বড় অঙ্কের জরিমানা করা হয়।
আদালতের মতে, ওই বছরে তিনি স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা কর আবাসিক হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে ২০ দিন কম। ফলে সে সময় তিনি স্পেনের কর আইনের অধীনে ‘ট্যাক্স রেসিডেন্ট’ ছিলেন না এবং তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ভুল ছিল।
রায়ের ফলে স্পেনের ট্রেজারিকে শাকিরার কাছ থেকে আদায় করা আয়কর ও জরিমানার অর্থ সুদসহ ফেরত দিতে বলা হয়েছে। এর মধ্যে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা ছিল। তবে স্পেনের কর বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে না।
রায়ের পর এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘আট বছরের বেশি সময় ধরে আমার সুনাম নষ্টের চেষ্টা করা হয়েছে। এই রায়ের মাধ্যমে সত্য অবশেষে প্রতিষ্ঠিত হলো।’
তবে আদালত স্পষ্ট করেছে, এই রায় শুধু ২০১১ সালের কর সংক্রান্ত মামলার জন্য প্রযোজ্য। এর আগে ২০২৩ সালে ২০১২ থেকে ২০১৪ সালের কর ফাঁকির আরেক মামলায় শাকিরা সমঝোতায় পৌঁছান। সে সময় তিনি বকেয়া কর, সুদ ও জরিমানাসহ মোট ১ কোটি ৭৫ লাখ ইউরো পরিশোধে সম্মত হন। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার আট বছরের বেশি কারাদণ্ড হতে পারত।
বর্তমানে শাকিরা তার ‘উইমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’ বিশ্ব সফর নিয়ে ব্যস্ত। চলতি বছরের সেপ্টেম্বরে মাদ্রিদে তার রেসিডেন্সি শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।