Home প্রচ্ছদ স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Share

স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট) নামের ওষুধটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা যাবে। দুই দশকেরও বেশি সময় পর এ ধরনের ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন দিল সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) এ অনুমোদনের ঘোষণা দেয় এফডিএ। ওষুধটি তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের সহযোগী প্রতিষ্ঠান জেনেনটেক। প্রতিদিন একবার সেবনযোগ্য ট্যাবলেটটি অস্ত্রোপচারের পর ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমাতে ব্যবহার করা হবে।

তবে ওষুধটি সব ধরনের স্তন ক্যানসারের জন্য নয়। যেসব প্রাপ্তবয়স্ক রোগীর ক্যানসার ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ, তাদের নির্দিষ্ট পর্যায়ের রোগে এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তারাই এই চিকিৎসার আওতায় পড়বেন।

এ ধরনের ক্যানসারের কোষে ইস্ট্রোজেন হরমোন যুক্ত হয়ে কোষের বৃদ্ধি ঘটাতে পারে। নতুন ওষুধটি ক্যানসার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরকে বাধা দেওয়ার পাশাপাশি ভেঙে ফেলতে সাহায্য করে। এতে ক্যানসার কোষের বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সংকেত বন্ধ হয়।

এফডিএর অনুমোদনের ভিত্তি ছিল ৪ হাজার ১৭০ জন রোগীর ওপর পরিচালিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। এতে নতুন ওষুধটির সঙ্গে প্রচলিত হরমোন চিকিৎসার তুলনা করা হয়। প্রচলিত চিকিৎসায় ট্যামোক্সিফেন অথবা অ্যারোমাটেজ ইনহিবিটর ব্যবহার করা হয়েছিল।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রচলিত হরমোন চিকিৎসার তুলনায় নতুন ওষুধটি ব্যবহার করলে ক্যানসার ফিরে আসা বা রোগীর মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ কমেছে। চিকিৎসা শুরুর তিন বছর পর নতুন ওষুধ গ্রহণকারীদের ৯২ দশমিক ৪ শতাংশ ক্যানসার ফিরে আসা ছাড়াই বেঁচে ছিলেন। প্রচলিত চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৮৯ দশমিক ৬ শতাংশ।

তবে ওষুধটি রোগীদের আয়ু বাড়ায় কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আরও পর্যবেক্ষণ চলছে। এফডিএ জানিয়েছে, রোগীদের দীর্ঘমেয়াদি ফলাফল জানতে তাদের অনুসরণ করা হবে।

ওষুধটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। এর মধ্যে পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, শরীরে গরম অনুভূতি, ক্লান্তি, বমিভাব, মাথাব্যথা ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। রক্ত পরীক্ষায় যকৃতের এনজাইম, রক্তকণিকা ও রক্তের চর্বির মাত্রায় পরিবর্তনও হতে পারে।

এফডিএর তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বরও উন্নত পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় একই ওষুধটি অন্য একটি ওষুধের সঙ্গে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন অনুমোদনের ফলে প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট রোগীদের জন্যও চিকিৎসার একটি বিকল্প যুক্ত হলো।

 

Related Articles

খাদ্যে ভেজাল ও নকল রোধে কঠোর শাস্তির প্রস্তাব

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের...

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন: চিফ প্রসিকিউটর

একজন মানুষের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে,...

ভিনিসিউসের কাছে মেসি-রোনালদোর মতো ধারাবাহিকতা প্রত্যাশা করেন না কোর্তোয়া

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ধারাবাহিকভাবে সর্বোচ্চ...

টানা বৃষ্টিতে শরীয়তপুরে পচছে পেঁয়াজ-রসুন, ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।...