Home জাতীয় মোহাম্মদপুরে হত্যার শিকার মা-মেয়েকে নাটোরে দাফন

মোহাম্মদপুরে হত্যার শিকার মা-মেয়েকে নাটোরে দাফন

Share

রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা-মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জোহরের নামাজের পর নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হয়।

তারা হলেন- মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আ জ ম আজিজুল ইসলাম রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন। সোমবার সকালে রাজধানী মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় তাদের নৃশংসভাবে হত্যা করা হয়।

আজ দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিন ভোরে শহরের বড়গাছা এলাকায় পৌঁছায় মরদেহ। এতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন দেখতে ভিড় জমান বাড়িতে।

পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে তাদের বাসার গৃহপরিচারিকা আয়েশা (২০) জড়িত। ঘটনার পর থেকে গৃহপরিচারিকা পলাতক। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গৃহপরিচারিকা বোরকা পরে বাসায় এসেছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে আঘাত করা হয়েছে।

লায়লা আফরোজের ছোট ভাই উত্তরায় বসবাসরত ফরহাদ হোসেন জানান, বড় বোনের সঙ্গে তার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। দিনে বেশ কয়েকবার ফোনে কথা হতো। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ভিডিও কল করে লায়লা জানান, তার বাসার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। চাবি হারানোর ঘটনায় তাকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছিল। নতুন কাজের মেয়ে বাসায় কাজ শুরুর পর চাবি হারানো স্বাভাবিকভাবে নেননি তিনি। দু-এক মিনিটের এই কথোপকথনই তাদের শেষ কথা ছিল।

ফরহাদ হোসেন আরও জানান, অনেকটা মানবিকতার খাতিরেই লায়লা গৃহপরিচারিকার কাজ দিয়েছিলেন আয়েশাকে। আয়েশা তখন জানিয়েছিলেন, রংপুরে তাদের বাড়িতে আগুন লেগে মা-বাবা মারা গেছেন। তার গলা থেকে বুক পর্যন্ত ও হাতের কিছু অংশ আগুনে পোড়া। এ কারণে তাকে কেউ কাজে নিতে চাননি। আয়েশার এ কথা লায়লাকে ভীষণভাবে নাড়া দেয়। তখন তাকে বাসায় কাজের জন্য রাখেন।

নাটোরে লায়লার প্রতিবেশী মামুন শিকদার বলেন, ‘লায়লাদের পুরো পরিবারকে আমরা ভালোভাবে চিনি। তাদের পরিবারের কেউ কাউকে কষ্ট দিয়ে কোনও দিন কথা বলেছে, এমনটি শুনিনি। অথচ এমন নৃশংস হত্যাকাণ্ড তাদের সঙ্গেই ঘটলো, যা মেনে নেওয়া কঠিন।’

এ ঘটনায় সোমবার রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেছেন লায়লার স্বামী আজিজুল ইসলাম। মামলায় গৃহপরিচারিকা আয়েশাকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটেছে। মামলায় বাদী লিখেছেন, তিনি পেশায় একজন শিক্ষক। মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকেন। চার দিন আগে উল্লিখিত আসামি তার বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সোমবার সকাল ৭টার দিকে তিনি (আজিজুল) তার কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থলে থাকাকালে তার স্ত্রীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বেলা ১১টার দিকে বাসায় আসেন। এসে দেখতে পান, তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা। স্ত্রী রক্তাক্ত-জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। আর মেয়ের গলার নিচে ডান পাশে কাটা। মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে তিনি দ্রুত তাকে উদ্ধার করেন। পরিচ্ছন্নতাকর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মামলায় আজিজুল আরও উল্লেখ করেন, তিনি বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। এতে তিনি দেখতে পান, আসামি সকাল ৭টা ৫১ মিনিটের সময় কাজ করার জন্য বাসায় আসেন। সকাল ৯টা ৩৫ মিনিটের সময় আসামি তার (বাদী) মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ অন্যান্য মূলবান সামগ্রী নিয়ে যান আসামি।

Related Articles

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

মানহানি, ভয়ভীতি ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...