ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে ব্যক্তিজীবনের আলোচনা নতুন নয়। একাধিকবার তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। এবার মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিওকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে এক যুবকের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্তোরাঁয় নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। প্রশ্ন উঠেছে—কে এই তরুণ? তাঁর সঙ্গে কেয়ার সম্পর্কই–বা কী?
অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপেই নয়, এর আগেও তাঁদের যুক্তরাজ্যে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রগুলো।
ঘনিষ্ঠজনদের ভাষ্য, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে এবং ইতিবাচকভাবে দেখছে। এমনকি ভবিষ্যতে বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্র।
তবে এ বিষয়ে এখনো কেয়া পায়েল বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘনিষ্ঠজনদের মতে, উপযুক্ত সময়েই দুই পরিবার সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এদিকে মালদ্বীপের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের গুঞ্জনের পর হয়তো এবার নিজের সম্পর্ক প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।