বাতিল হলো চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সার্টিফিকেট। সিনেমাটির আরেক অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তবে এ বিষয়ে সিনেমাটি পরিচালক অভিনেতা হাসান জাহাঙ্গীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে জেবা অভিযোগ করেছিলেন, তাকে নাটকের কথা বলে কাজ করিয়েছিলেন সিনেমার পরিচালক হাসান জাহাঙ্গীর। কাজ করতে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন এই অভিনেত্রী। এক পর্যায়ে জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। তখন থেকেই বিষয়টি নিয়ে সোচ্চার হন তিনি।
মাসুমা রহমান তানি জানান, ‘আমরা সিনেমাটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাত নামে প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জেবা কন্ট্রাক্ট ম্যারেজ একটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয় বলে জানান। পরে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরকিল্পনা করলে তিনি আমাদের কাছে অভিযোগ করেন। তার সঙ্গে নাটকের চুক্তি হয়েছে, সিনেমার বিষয়ে কোনো চুক্তি হয়নি। সে জন্যই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।’
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও অভিনয় করেছেন। সম্প্রতি তিনিও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন। মৌসুমী এক অডিওতে জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। কয়েক দিন পর নির্মাতা এসে বলেন, এটির শুটিং তো বেশি হয়েছে, আমরা টেলিফিল্ম হিসেবে প্রচার করতে চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি। কিন্তু খবরে দেখছি, কন্ট্রাক্ট ম্যারেজ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি।’
প্রসঙ্গত, কন্ট্রাক্ট ম্যারেজে মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন।