Home খেলাধুলা ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

Share

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না জেমকন খুলনা। শ্বশুরের অসুস্থতার খবর জেনে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অলরাউন্ডার। আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন সাকিব। সে লক্ষ্যে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পর গতকাল সোমবার রাতেই জৈব-সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে যান তিনি।

খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল (সোমবার) রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।’

তিনি বলেন, ‘ওর শ্বশুর অনেকদিন থেকে অসুস্থ ছিলেন। কালকে সাকিব জানতে পারে যে তিনি বেশ গুরুতর অসুস্থ এখন। যেহেতু পরিবার সবসময়ই সবকিছুর আগে এবং জেমকন খুলনা এটাকে সবসময় গুরুত্ব দেয় ও শ্রদ্ধা করে, আমাদের দিক থেকে তাই কোনো সমস্যা ছিল না।’

নাফিস ইকবাল আরও বলেন, ‘আজকে ওর ফ্লাইট। জেমকন খুলনার পক্ষ থেকে আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করছি। আশা করি সে নিরাপদে পৌঁছবে।’

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পরিবার থিতু যুক্তরাষ্ট্রে। এক বছরের নিষেধাজ্ঞার বড় একটি অংশ সাকিব কাটিয়েছেন সেখানেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। এর আগে বাবার মৃত্যুতে জৈব-সুরক্ষা বলয় ছেড়ে যেতে হয়েছে খুলনার পেসার শহিদুল ইসলামকে।

সোমবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। ব্যাট হাতে ৫১ বলে ৮০ রান করে জহুরুল ইসলাম ও বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা ছিলেন মূল নায়ক। তবে অবদান ছিল সাকিব আল হাসানেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট।

Related Articles

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

আরও একটি আলোচিত বিশ্বকাপের সমাপ্তি। তিন দেশের যৌথ আয়োজনে ১০৪ ম্যাচের বিশ্বকাপ।...

বিশ্বকাপ ফাইনালে আমাদের পতনের অপেক্ষায় ছিল সবাই : ডি পল

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ফলে টানা দ্বিতীয়বার...