বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশ সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সোমবার রাজধানীর বনানীতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
আমীর খসরু জানান, কীভাবে আমরা এই নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, প্রক্রিয়াটা কী হবে, কতটা নিরপেক্ষভাবে আমরা এগিয়ে যাচ্ছি– এসব নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা কীভাবে গণতন্ত্রের পথে ফিরে যেতে পারি, এটিই কমনওয়েলথ প্রতিনিধি দলের মূল আগ্রহ।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন হতে যাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন ছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেশের জনগণ মনে করে, এই প্রক্রিয়ায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক দল নিয়ে কথা হয়েছে। তারা নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে। এ ছাড়া নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশন নিয়েও আলোচনা হয়েছে।
আমীর খসরুর সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।