সার্বিয়ার প্রাহোভো এলাকার নদীতল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবিয়ে দেওয়া নাৎসি জার্মানির যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ আবারও দৃশ্যমান হয়েছে। প্রবল তাপদাহের কারণে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী ড্যানিউবের পানি কমে যাওয়ায় জাহাজটি এখন দৃশ্যমান। খবর রয়টার্সের।
প্রতি বছরই শুষ্ক মৌসুমে নদীর পানি কমলে এসব যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ দেখা যায়। ইতোমধ্যে কয়েকটি জাহাজ নদী থেকে উদ্ধার করা হয়েছে, আর বাকি কয়েকটি আগামী বছরগুলোতে উদ্ধার করার পরিকল্পনা রয়েছে। তবে আকারে বড় হওয়ায় কিছু জাহাজ নদীতলেই রেখে আরও গভীরে চাপা দেওয়া হয়েছে, যাতে নৌযান চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়।
জাহাজ উদ্ধারে ডুবুরি দল, বালু ও পলি অপসারণে বিশেষ পাম্পসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসব যুদ্ধজাহাজের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ের। ১৯৪৪ সালের শরতে সোভিয়েত রেড আর্মির অগ্রযাত্রার মুখে জার্মান বাহিনী স্থল ও নৌপথে পিছু হটতে শুরু করে। সে সময় অ্যাডলফ হিটলারের নির্দেশ ছিল, ব্যবহারযোগ্য কোনো সামরিক সরঞ্জাম যেন শত্রুপক্ষের হাতে না পড়ে। সেই নির্দেশ অনুসারে ড্যানিউব নদীতে মোতায়েন জার্মান নৌবাহিনীর সদস্যরা নিজেদের যুদ্ধজাহাজ নিজেরাই ডুবিয়ে দেন।
বর্তমানে পানি কমে যাওয়ায় সেই ডুবে থাকা যুদ্ধজাহাজগুলোর ধ্বংসাবশেষ আবারও ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে নদীর বুকে দৃশ্যমান হচ্ছে।