Home খেলাধুলা খারাপ সময়ে মেসির আর্জেন্টিনাকে পাশে পেলেন ইনফান্তিনো

খারাপ সময়ে মেসির আর্জেন্টিনাকে পাশে পেলেন ইনফান্তিনো

Share

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলে ভিন্ন অবস্থান নিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ফিফার বিরুদ্ধে অবস্থান নিলেও পাশে দাঁড়িয়েছে এএফএ।

শুক্রবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ইনফান্তিনো ও ফিফা প্রশাসনের প্রতি সমর্থন জানায় এএফএ। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আপনার প্রতি এবং আপনার মাধ্যমে ফিফার প্রশাসনের প্রতি গত ১০ বছরে পরিচালিত কার্যক্রমের জন্য আমাদের সমর্থন জানাতে চাই।’

ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।

আরএমসি নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, এএফএ তাদের বিবৃতিতে ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার পরিবর্তনের প্রশংসা করে বলেছে, ‘আপনি এমন একটি প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন, যা ফিফায় গভীর পরিবর্তন এনেছে। এই প্রশাসন সংগঠনটির দরজা সব সদস্য সংস্থা ও মহাদেশীয় কনফেডারেশনের জন্য উন্মুক্ত করেছে। এর ফলে আমরা খোলামেলা ও সরাসরি আলোচনার মাধ্যমে ফুটবলের সব স্তর ও বিভিন্ন শাখার উন্নয়নে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারছি।’

আগামী ফিফা কংগ্রেসের প্রসঙ্গ টেনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বেই ফুটবলের উন্নয়ন ও আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির কাজ এগিয়ে নেওয়া উচিত।

বিবৃতিতে বলা হয়, ‘আসন্ন ফিফা কংগ্রেসের আগে অ্যাসোসিয়েশন আবারও দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে, এগিয়ে যাওয়ার পথ হলো আপনার নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়া, যাতে আরও উন্নত ও অন্তর্ভুক্তিমূলক ফুটবল গড়ে তোলা যায়।’

বিশ্বকাপের একাংশ বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিষয়টি সামনে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। তবে সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই উদ্যোগ থেকে সরে আসে ফিফা। এমনকি ভুল বুঝতে পেরে ক্ষমাও চান ইনফান্তিনো। এরপরও চাপ কমেনি তার ওপর থেকে।

ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা (উয়েফা) জানায়, ইনফান্তিনো ফিফার সভাপতি পদে থাকলে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে না তারা। অস্থির পরিস্থিতির মাঝে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। এবার একই রাস্তায় হাঁটল আর্জেন্টিনা।

Related Articles

চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালী,...

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে বিএনপি...

আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন।...

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নোরা

বছরজুড়েই নানা ঘটনায় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কয়েক...