ফুটবল বিশ্বের অন্যতম পরিচিত দৃশ্য হলো আর্জেন্টিনার আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। মাঠে নামলেই এই রঙের সমন্বয় যেন দেশটির ফুটবল ঐতিহ্য, গর্ব এবং আবেগের প্রতিনিধিত্ব করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জার্সি শুধু একটি ক্রীড়া পোশাক নয়, বরং আর্জেন্টাইন পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার সাফল্যের সঙ্গে এই জার্সির সম্পর্কও গভীর। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকেই দলটি আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরে খেলছে। সময়ের সঙ্গে নকশা ও প্রযুক্তিতে পরিবর্তন এলেও মূল রঙের ঐতিহ্য অটুট রয়েছে।
বর্তমানে আর্জেন্টিনার জার্সি তৈরি করে জার্মান ক্রীড়া সামগ্রী নির্মাতা এডিডাস। ১৯৯০ বিশ্বকাপ থেকে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি আর্জেন্টাইন ফুটবলের পোশাকসঙ্গী হিসেবে রয়েছে। মাঝখানে অল্প সময়ের বিরতি থাকলেও দুই পক্ষের সম্পর্ক এখনো অব্যাহত।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হওয়া নতুন জার্সিতেও রাখা হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা। শুধু তাই নয়, দেশটির বিশ্বকাপজয়ী তিনটি স্মরণীয় আসর- ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের জার্সির বিভিন্ন উপাদানের অনুপ্রেরণাও এতে যুক্ত করা হয়েছে। ফলে নতুন জার্সি হয়ে উঠেছে অতীতের গৌরব ও বর্তমানের উচ্চাকাঙ্ক্ষার এক প্রতীকী মিশ্রণ।
আর্জেন্টিনার জার্সি নিয়ে আলোচনা হলে শুধু শার্ট নয়, শর্টসের ইতিহাসও সামনে আসে। শুরুর দিকে দলটি গাঢ় নীল শর্টস পরে খেলত। তবে ১৯৭৮ সালের পর ধীরে ধীরে কালো শর্টস ব্যবহার শুরু হয়, যা পরবর্তীতে দলের স্থায়ী পরিচয়ের অংশ হয়ে যায়।
আর্জেন্টিনার জার্সির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি লেখা হয়েছিল ১৯৮৬ বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে মেক্সিকোর প্রচণ্ড গরম আবহাওয়ায় দলের দ্বিতীয় জার্সি নিয়ে বিপাকে পড়ে কোচিং স্টাফ।
তখনকার গাঢ় নীল বিকল্প জার্সি ছিল তুলনামূলক ভারী, যা খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর হয়ে উঠছিল। পরিস্থিতি সামাল দিতে কোচিং স্টাফ স্থানীয় বাজারে খুঁজতে শুরু করে হালকা কাপড়ের নীল জার্সি। শেষ পর্যন্ত একটি দোকান থেকে পাওয়া যায় উপযুক্ত কিছু জার্সি, যেগুলোতে দ্রুত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ব্যাজ সেলাই করে প্রস্তুত করা হয়।
দলের অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা সেই জার্সি হাতে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, এই পোশাক পরেই তারা ইংল্যান্ডকে হারাবে।
পরবর্তীতে সেই ম্যাচেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের দুটি সবচেয়ে আলোচিত মুহূর্ত- ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। আর সেই সঙ্গে কিংবদন্তির অংশ হয়ে যায় হঠাৎ করেই সংগ্রহ করা গাঢ় নীল জার্সিটিও।
আজ আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি শুধুই একটি ইউনিফর্ম নয়। এটি বিশ্বকাপ জয়, ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির নেতৃত্বে নতুন সাফল্য এবং কোটি সমর্থকের আবেগের প্রতীক।