Home জাতীয় শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

Share

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।

 

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী জানান, দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

 

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরো একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।

 

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

তিনি বলেন, ‘মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।’

এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। তাঁদের মধ্যে ছিলেন দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী। এ সময় তাঁরা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

 

Related Articles

ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ...

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর!

তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার...

স্বর্ণের বাজারে আজকের দরদাম

সবশেষ সমন্বয়ে কমেছে স্বর্ণের দাম দেশের বাজারে। প্রতি ভরিতে ২ হাজার ২১৬...

জনতা দলের মহাসচিব হৃদ্‌রোগে আক্রান্ত আযম খানের সফল অস্ত্রোপচার

জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন...