Home জাতীয় রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

Share

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন সংযোজন হলো পারমাণবিক বিদ্যুৎ। একই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

৮ থেকে ১০ ঘণ্টা চলবে প্রাথমিক পরীক্ষা

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় কেন্দ্রের টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা পরীক্ষা করা হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থাও পর্যবেক্ষণ করা হবে।

এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানোর জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবারও গ্রিডে যুক্ত করা হবে। দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বায়েরার অনুমোদনের অপেক্ষা

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা যাচাই করা হবে। পাশাপাশি টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতাও পরীক্ষা করা হবে। জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ের বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে।

সংশ্লিষ্ট সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।

কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে বাণিজ্যিক উৎপাদন

রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন করতে হবে। এরপর পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এ পর্যায়ে প্রথম ইউনিটটি রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রভিশনাল টেকওভার করা হবে। পরবর্তীতে সরকারি গেজেট বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।

দুটি ইউনিটে উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ফলে দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

 

Related Articles

স্পেনে আবারও রেল ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবিতে স্পেনে আবারও দেশজুড়ে রেল ধর্মঘট শুরু হয়েছে।...

প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের: ধর্মমন্ত্রী।

সনাতন ধর্মাবলম্বীদের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির...

বিয়ে-বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে যা বললেন সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক...

সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য...