ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এত বড় একটা অভ্যুত্থানের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল দেশটাকে আবার সুন্দর করে গড়ে তোলার। কিন্তু চারদিকে যখন দেখছি, আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, চারদিকে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি।
সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’মাসিক ম্যাগাজিনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব শিক্ষার্থীদের হাতে তুলে দেন ক্রেস্ট ও সনদপত্র।
শিক্ষার বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদ–আমলারাই দায়ী
মির্জা ফখরুল বলেন, আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেরকম তো নয়ই বরং অত্যন্ত নিম্নমানের। এ জন্য দায়ী রাজনীতিবিদরাই, এ জন্য দায়ী আমরাই, এ জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপর খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করি, এমএ পাস করি চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরগাঁওয়ের গ্রাম থেকে। সে ঘুরে বেড়ায় কোনো কাজ পায় না। কারণ, বিএ পাস এমএ পাসকে চাকরি দিতে পারেন না। কিন্তু সে যদি বিএসসি পাস করত অথবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো ইলেকট্রিসিটির উপর অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিষয়ের উপর তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ব্যর্থতা।
যদি আমরা শুধু অতি মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা এবং সাধারণ শিক্ষার্থীর জন্য ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো লাভবান হতে পারতাম।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, ট্রানজিশনাল পিরিয়ড, খুব অস্থিরতা আছে। ওদের (জেন-জি) চিন্তা, ওদের ভাবনা এবং আমাদের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। কারণ বয়স ও প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করার তো উপায় নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপিরপ্রশিক্ষণবিষয়কসম্পাদকরাশেদাবেগমহীরা। সঞ্চালনায়ছিলেন ‘বিশ্ববিদ্যালয়পরিক্রমা’রব্যবস্থাপনাসম্পাদকমোবারকহোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ, জমিরুল আকতার, আইডিইবির আহ্বায়ক কবীর হোসেন, সদস্য সচিব কাজী শওকত হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীম, মুন্সীগঞ্জ বিএনপির সদস্য মোশাররফ হোসেন এবং কয়েকজন কৃতি শিক্ষার্থী।