দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টে দলের কঠিন সময়ে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। ১৭৯ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে এই সেঞ্চুরিটি লিটনের কাছে বিশেষ কিছু। কারণ, এদিন ছিল তাঁর মেয়ে আনায়রা দাসের তৃতীয় জন্মদিন।
বাংলাদেশ ১২১ রানে ৫ উইকেট হারিয়ে যখন চাপে, তখন ব্যাটিংয়ে নামেন লিটন। শুরু থেকেই ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে দলকে বিপর্যয় থেকে সামাল দেন তিনি। তাওহীদ হৃদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত এনে দেন।
২৮৬ মিনিট ক্রিজে থেকে ১৭৯ বলে ১২০ রান করেন লিটন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি পুরো ইনিংসে অসাধারণ মনোযোগ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি।
সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাটে চুমু দিয়ে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন লিটন। এরপর পকেট থেকে একটি কাগজ বের করে সবার সামনে তুলে ধরেন। সেখানে লেখা ছিল, “শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।”
এর আগেও মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করেছিলেন লিটন। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর জানিয়েছিলেন, তাঁর মেয়ে আনায়রা বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করে। এবারও মেয়ের জন্মদিনে শতক হাঁকিয়ে সেই রাজকন্যাকেই উপহার দিলেন নিজের বিশেষ ইনিংস।
লিটনের এটি টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ২০২১ সালের নভেম্বরে প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি টেস্ট শতক আর কেউ করতে পারেননি।
মেয়ের জন্মদিনে বাবার এমন উপহার শুধু আনায়রার জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও হয়ে থাকল স্মরণীয় এক মুহূর্ত।