মিষ্টি মুখশ্রী আর মায়াবী চাহনির সারা অর্জুন দুরন্ত অভিনয়ে জানান দিলেন, তিনি হতে যাচ্ছেন বলিউডের লম্বা রেসের ঘোড়া। ঠিক তা-ই। এবার ‘ধুরন্ধর’ নায়িকা সারা হতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। মাধুবালার চরিত্রে অভিনয়ের জন্য তাকেই বেছে নিলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করেই বানসালি কার পরের প্রজেক্ট মাধুবালার বায়োপিকের কাজে হাত দিতে যাচ্ছেন।
মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় বর্তমানে লাভ অ্যান্ড ওয়ার-এর শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। সেটির কাজ শেষ হওয়ার পর বানসালি একই সেট ব্যবহার করে মাধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন বলে জানা গেছে। আগস্টের শেষেই সেট পরিবর্তনের কাজ শুরু করবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা। ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন মাধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন বলে জানা গেছে।
আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে গ্ল্যাামার কন্যা সারা অর্জুনকে নিয়ে চর্চা বাড়ছিল। তবে বিনোদন জগতে সারার পথচলা দীর্ঘদিনের। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে তামিল, তেলেগু ও হিন্দি-তিন ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মধুবালার চরিত্র তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া