Home প্রচ্ছদ বিশ্বাসঘাতকতা করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন

বিশ্বাসঘাতকতা করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন

Share

অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে উল্লেখ করে তিনি বলেছেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নেই। গণভোট জাতীয় নির্বাচনের দিনই হবে, সে কথা সরকার পরিষ্কার করে বলেছে। সেখানে দুটো ব্যালট থাকবে। একটি গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। নিজেদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে যেসব নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে; তার উল্লেখ না রেখে যেসব প্রসঙ্গ আলোচনায় আসেনি তা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কমিশনের ওপর আস্থা-বিশ্বাস রেখেছিলাম। সেই আস্থা, বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’

যে নির্বাচন আয়োজন করবে, তারা যদি প্রতারক হয় আর কী করার আছে: মান্না
একই অনুষ্ঠানে বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। ভবিষ্যতে যে সরকার নির্বাচন আয়োজন করবে, তারা যদি প্রতারক হয়, তাহলে আর কী করার আছে বলে হতাশা প্রকাশ করেন তিনি।

দ্বিদলীয় রাজনীতিতে আবদ্ধ করার চেষ্টা চলছে: মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দুঃখের বিষয়, চব্বিশ-পরবর্তী দেশের রাজনীতি বিএনপি ও জামায়াতের দ্বিদলীয় রাজনীতিতে আবদ্ধ করার চেষ্টা চলছে।’
গণভোটকে অনেকে সংসদের আসন নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্যবহার করছে: নুরুল হক নুর
গণভোটকে অনেকে সংসদের আসন নির্ধারণের পদ্ধতি হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি প্রশ্ন তোলেন, আজ যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচনের তপশিল হয়, সময় আছে এক মাস, এই সময়ে কি আরেকটা নির্বাচন সম্ভব?

দেশ দুটো নির্বাচনের ঝুঁকি নেওয়ার অবস্থায় নেই: সাইফুল হক
বর্তমান প্রেক্ষাপটে দেশ দুটো নির্বাচনের ঝুঁকি নেওয়ার অবস্থায় নেই বলে মন্তব্য করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিয়েছি নির্দিষ্ট বিষয়ে। তবে তারা কোনো নির্বাহী আদেশ দিতে পারে না।’
জেএসডির সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

দয়া করে সমস্যাগুলো সমাধান করেন
জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার অবসান ঘটিয়ে সংসদ নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ দেশে যে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন, আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করেন। যাতে সবাই একসঙ্গে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। আমরা অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু অবশ্যই আপনাদের নিজেই যে জায়গা তৈরি করেছেন, তা পরিষ্কার করে দেবেন।’

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
সভাপতির বক্তব্য জোনায়েদ সাকি বলেন, মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের পথরেখা, সেটা সফল করতে হবে। মনে রাখতে হবে, বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দাবি।

Related Articles

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার...

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করা স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, তাঁর কাছে...

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল...

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...