ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
সাবিলা জানিয়েছেন, তার জীবনে নতুন সম্পর্ক এসেছে। তবে সেই সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয়। নিজের এই মন্তব্যের মধ্য দিয়ে নতুন সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত ব্যাপারে কথা বললেও বিচ্ছেদ সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্নের জবাব দেননি সাবিলা নূর। তবে নতুন সম্পর্ক নিয়ে কথা বললেও তা কিছুটা ভিন্নভাবে উত্তর দিয়েছেন। বলেন, নতুন সম্পর্ক বা নতুন যে ভালোবাসার বিষয়টি সামনে এসেছে, তার আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।
গত বছর থেকে নিয়মিত কাজ করছেন বড়পর্দায় সাবিলা নূর। তার অভিনীত প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সহশিল্পী ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরইমধ্যে আবার ‘কানাভুলা প্যারাডক্স’ নামে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। তার ভাষ্যমতে―সিনেমা নির্বাচনের ক্ষেত্রে শুধু নিয়মিত হওয়ার বিষয় নয়, তার কাছে গল্প বেশি গুরুত্বপূর্ণ।
নতুন এই সিনেমায় সাবিলা নূরের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন অভিনেতা শরীফুল রাজ। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এবার নতুন সিনেমাকে ঘিরে প্রস্তুতি ও কাজের ব্যস্ততায় সময় কাটছে সাবিলার।