চারদিনের অনিশ্চয়তা আর উত্তেজনার অবসান ঘটল। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য থালাপতি বিজয় প্রয়োজনীয় সংখ্যাক আসন নিশ্চিত করতে পেরেছেন। শুক্রবার এ খবর ছড়িয়ে পড়ার পরপরই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের বাড়ির সামনে সমর্থকরা উল্লাস শুরু করেন।
সরকার গঠনের দাবি জানাতে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে দেখা করবেন বিজয়। তবে এই মুহূর্তটি আসার আগে বেশ নাটকীয়তার সাক্ষী হয়েছে তামিলনাড়ু। যেটির শুরু হয় ৪ মে ফলাফল ঘোষণার পর থেকে। ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে নির্বাচনে বড় সাফল্য পায় বিজয়ের দল টিভিকে। ২৩৪টি আসনের মধ্যে তারা পায় ১০৮টি। কিন্তু এই আনন্দ কয়েক মুহূর্ত পরই ফিকে হয়ে যায়।
রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা বৈঠকের পরও রাজ্যপাল তাঁর অবস্থানে অনড় ছিলেন। বৃহস্পতিবার তিনি বিজয়কে সরাসরি জানান, সরকার গঠন করতে হলে ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন।
রাজ্যপালের সঙ্গে বৈঠকের সময় বিজয়ের কাছে ১০৭ জন (নিজে বাদে) বিধায়কের সমর্থন ছিল। তবে শুক্রবারের সবশেষ তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় সেই ‘ম্যাজিক ফিগার’ অর্জন করতে সক্ষম হয়েছেন বিজয়।
এর আগে সরকার গঠনের জটিল সমীকরণ নিয়ে উত্তেজনার মধ্যে টিভিকে ঘোষণা দিয়েছিল, ডিএমকে বা এআইএডিএমকে যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে, তবে টিভিকের ১০৮ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিজয়ের দলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বামপন্থী সিপিআই। বিধানসভায় তাদের দুজন বিধায়ক আছেন। অপরদিকে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিপিএম-এর সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, তাঁর দলসহ সিপিআই ও ভিসিকের মোট ছয়জন বিধায়ক আছেন। তিনটি দলই বিজয়কে সমর্থন দিচ্ছে।