Home জাতীয় নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: জানাল এসআরবি

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: জানাল এসআরবি

Share

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও গুঞ্জন ছড়িয়ে পড়লেও নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি—কোনো মাস নিয়েই দেশবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ বিষয়ে সবাইকে গুজবে কান না দিয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন। এ ধরনের ঘোষণা ও সময় আসতে থাকবে, যেতে থাকবে; এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

সাম্প্রতিক নাশকতার প্রেক্ষাপট তুলে ধরে এসআরবি-৪-এর এই কর্মকর্তা বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।

তিনি জানান, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড়সংখ্যক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ঠেকাতে সাধারণ মানুষের সাহসী ভূমিকার প্রশংসা করে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।

সাধারণ মানুষের এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।

 

Related Articles

খাদ্যে ভেজাল ও নকল রোধে কঠোর শাস্তির প্রস্তাব

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের...

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন: চিফ প্রসিকিউটর

একজন মানুষের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে,...

ভিনিসিউসের কাছে মেসি-রোনালদোর মতো ধারাবাহিকতা প্রত্যাশা করেন না কোর্তোয়া

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ধারাবাহিকভাবে সর্বোচ্চ...

টানা বৃষ্টিতে শরীয়তপুরে পচছে পেঁয়াজ-রসুন, ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।...