Home প্রচ্ছদ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ, যে কোনো সময় নতুন কমিটি

তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ, যে কোনো সময় নতুন কমিটি

Share

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠকের মাধ্যমে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যে কোনো সময় বা শিগগির ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্বভার পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ ছাড়া আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কমিটির মেয়াদ শেষ হয়েছে। তখন থেকেই লবিং, তদবির ও সিনিয়র নেতাদের মন জোগাতে সময় দিচ্ছেন পদপ্রত্যাশী অনেকে।

ছাত্রদলের নতুন কমিটি এখন প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে। যে কোনো দিন আসতে পারে নতুন কমিটির ঘোষণা। এর মধ্য দিয়ে শেষ হতে পারে ছাত্রদলের ইতিহাসে ‘রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিটের’ কমিটি দেওয়া রাকিব-নাছির কমিটির অধ্যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, সাক্ষাৎকালে বিগত বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে সংগঠনটির অবদান এবং ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দেন বিএনপির চেয়ারম্যান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির ভ্যানগার্ড হিসেবে বিবেচিত ছাত্রদল রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর দেশজুড়ে বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক সংস্কার ও গতিশীলতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের শীর্ষ নেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাদের ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের গতিশীলতা ধরে রাখতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের নির্দেশ দেন। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে তোমরা অসামান্য আন্দোলন ও সংগ্রাম করেছ। রাজপথের এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে নিয়ম অনুযায়ী এখন ছাত্রদলে তোমাদের প্রয়োজনীয়তা শেষ হয়েছে—এখন সময় এসেছে নতুনদের সুযোগ করে দেওয়ার এবং মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার।

এদিকে ছাত্রদলের নতুন কমিটিতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা মনে করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছেন। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তারা বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ছাত্রদলকে সত্যিকারের শিক্ষার্থীদের সংগঠনে রূপান্তর করতে হবে। সেইসঙ্গে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল দল (বিএনপি) এবং অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনে যথাযথ মূল্যায়ন করে বড় দায়িত্ব দেওয়া এখন উপযুক্ত সময়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছাত্রদলের বিদায়ী নেতৃবৃন্দও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা প্রকাশ করেন। তারা জানান, দল যখনই রাজপথের বা সংগঠনের কোনো দায়িত্ব অর্পণ করবে, তা সততার সাথে পালন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Related Articles

শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তের আলোচনায় যারা

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে শিগগিরই। দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ...

রিকশার প্যাডেল থেকে সুইডেনের বিশ্ববিদ্যালয়, নাজমুলের স্বপ্নযাত্রায় পাশে প্রধানমন্ত্রী

ভোরের আলো ফোটার আগেই রিকশা নিয়ে বেরিয়ে পড়তেন আয়নাল হক। দিনের পর...

৬ মাসে সরকারের সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে নির্বাচনী ইশতেহার...

সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

সংবিধান নতুন করে লেখা হবে না বলে মন্তব্য করেছেন সংসদের সরকার দলীয়...