মুম্বাইয়ে নিজের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর কেটে গেছে প্রায় এক মাস। সেই ঘটনার রেশ কাটিয়ে অবশেষে আবারও শুটিংয়ের কাজে ফিরেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ।
সম্প্রতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে পুণেতে দেখা গেছে তাকে। দুজনেই ব্যস্ত রয়েছেন তাদের আগামী সিনেমা ‘লাগ যা গালে’র শুটিংয়ে। এরই মধ্যে শেষ হয়েছে ছবিটির পুণে পর্বের কাজ। আর সেই শুটিং শেষ হওয়ার পরই প্রথমবার প্রকাশ্যে এলেন টাইগার।
গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে। একটি ফুটবল মাঠে খেলা শেষে গাড়িতে ফেরার পথে বাইকে আসা তিন দুর্বৃত্ত টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়িচালকসহ আরও একজন আহত হন। ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে শুটিং থেকে বিরতি নেন এই অভিনেতা।
পরবর্তী সময়ে তার নতুন সিনেমার শুটিং ঘিরে নিরাপত্তাব্যবস্থাও আরো জোরদার করা হয়।
সম্প্রতি পুণের একটি নাইটক্লাবে জাহ্নবীর সঙ্গে টাইগারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ক্লাবটির মালিক আরিয়ান নাভালে। তিনি জানান, তাদের ক্লাবেও সিনেমাটির শুটিং হয়েছে। দুই তারকার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাদের স্বাগতও জানান তিনি।
এদিকে সিনেমাটির পুণে পর্বের শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছেন ছবির কেশ ও রূপসজ্জাশিল্পী সৌরভ রায়।
সেট থেকে একটি কেকের ছবি প্রকাশ করে তিনি শুটিং শেষ হওয়ার কথা জানান। ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন জাহ্নবীও।
রাজ মেহতার পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লাগ যা গালে’ সিনেমাটি। এতে টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করছেন লক্ষ্য। ছবিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে টাইগারকে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে তিনি একজন ‘অ্যান্টি-হিরো’র ভূমিকায় অভিনয় করছেন, যার চরিত্রে রয়েছে অন্ধকার ও অনিশ্চয়তার ছাপ।
এর আগে ‘গুড নিউজ’, ‘যুগ যুগ জিও’ ও ‘সেলফি’র মতো সিনেমা পরিচালনা করেছেন রাজ মেহতা। অন্যদিকে, টাইগারকে সর্বশেষ দেখা গেছে ‘বাগি ৪’ সিনেমায়। সামনে রেমো ডি’সুজার পরিচালনায় আরও একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার।