নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের ভিত্তিতে কিংবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া, আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। খাদ্যে ভেজাল ও নকল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। এ সময় বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ওপর গুরুত্ব দেন আফরোজা খানম। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কমিটির সভাপতি বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পুরোনো ও ব্যবহার অনুপযোগী গুদাম সরেজমিনে পরিদর্শন করে সেগুলো বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের নিয়ম পরিবর্তনের তথ্যও তুলে ধরা হয়। নতুন বিধান অনুযায়ী, প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জনের জন্য একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচিতে শ্রমিকদের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর-সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।