প্রায় দুই দশক পর সিনেপর্দায় আসছে কমেডি সিনেমা ‘মালামাল উইকলি’-এর সিক্যুয়াল। আর এতে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
বলিউডে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। রোমান্টিক সিনেমা থেকে শুরু করে ভিন্নধর্মী চরিত্র- বিভিন্ন ঘরানায় নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার ‘মালামাল উইকলি’র মতো চরিত্রনির্ভর কমেডি সিনেমায় পরিণীতিকে কেমন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
তবে পরিণীতির চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি মূল গল্পের কোন পর্যায়ে যুক্ত হবেন কিংবা তার চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ- এসব তথ্যও গোপন রাখা হয়েছে। ফলে নতুন কিস্তির গল্পে তার উপস্থিতি কী ধরনের চমক তৈরি করবে, তা জানতে দর্শককে অপেক্ষা করতে হবে।
২০০৬ সালে মুক্তির পর ‘মালামাল উইকলি’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটির গল্পে ছিল গ্রাম্য পরিবেশ, সাধারণ মানুষের জীবন, অর্থের লোভ এবং হঠাৎ পাওয়া বিপুল সম্পদ ঘিরে নানা হাস্যকর পরিস্থিতি।
নানা পাটেকর, রীতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, শক্তি কাপুরসহ একঝাঁক অভিনেতার অভিনয় সিনেমাটি আরও প্রাণবন্ত করে তুলেছিল। এবার সেই গল্পের জগতেই নতুন করে ফিরতে যাচ্ছে ‘মালামাল উইকলি’। তবে সিক্যুয়ালে থাকছে বেশ কিছু পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন পরিচালকের আসনে। প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। কিন্তু নতুন কিস্তির দায়িত্ব তার হাতে থাকছে না। সিনেমাটি পরিচালনা করবেন অমিত জোশি।
‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়সে উলঝা জিয়া’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই নির্মাতার জন্য এটি হতে যাচ্ছে ভিন্ন ধরনের কাজ। নতুন কিস্তিতে পরিণীতি চোপড়ার যুক্ত হওয়াও সিনেমাটি নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন অনেকে।