ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন। সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ ও দায়িত্বশীলতা বাড়াতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করতে যাচ্ছে রাজ্য সরকার।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সন্তান লালন-পালনে মায়ের পাশাপাশি বাবার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এ ছুটি সন্তান জন্মের ১৫ দিন আগে থেকে শুরু করে জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় নেওয়া যাবে। এ বিষয়ে নতুন ছুটির সুবিধা চালু করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সরকার জানিয়েছে, পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার দাবিতে বিভিন্ন পর্যায় থেকে আবেদন আসছিল। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের পুরুষ সরকারি কর্মীরাও সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকার জন্য আনুষ্ঠানিক ছুটির সুযোগ পাবেন।