Home প্রচ্ছদ অতীতে অনেক বিপ্লব তার নেতা ও সন্তানকে খেয়ে ফেলেছে: সাইফুল হক

অতীতে অনেক বিপ্লব তার নেতা ও সন্তানকে খেয়ে ফেলেছে: সাইফুল হক

Share

রাজনৈতিক মতবিরোধকে রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘অতীতে বিশ্বের অনেক বিপ্লব ও গণঅভ্যুত্থান আত্মঘাতী তৎপরতা, সহিংসতা ও অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে এসব পরিস্থিতি প্রতিবিপ্লবের ক্ষেত্রও তৈরি করেছে। অতীতে অসংখ্য বিপ্লব ও অভ্যুত্থান হটকারিতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে বিপ্লব ও অভ্যুত্থানের নেতা ও সন্তানদেরই খেয়ে ফেলেছে।’

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানের অংশীজনদের উদ্দেশে সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্যকে সংঘাত-সংঘর্ষে রূপ দেওয়া উচিত হবে না। নিজেদের মধ্যে আত্মঘাতী সংঘাতে জড়িয়ে পড়লে অপশক্তি সেই সুযোগ নিতে পারে।’ তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এক যাত্রায় সবকিছু অর্জনের চিন্তা না করাই ভালো। সবকিছু যদি বিএনপি সরকারকে দিয়েই করাতে হয়, তাহলে অন্যদের রাজনীতি করার প্রয়োজন কী?’ তিনি গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয় প্রমুখ।

সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই কর্মী বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাইয়ের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Related Articles

শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

একটি সিনেমার নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে গুরুতর চোটের শিকার হয়েছেন ভারতের...

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও...

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান জাতীয় সংসদের প্রতি...

বগুড়ায় জুলাই গন অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্টাবার্ষীকী পালিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ ও আহতদের স্মরণে বগুড়ায় স্মরণসভা ও...